রামপুরা একরামুন্নেছা ডিগ্রি কলেজের ইতিহাস

Rampura Ekramunnesa Degree College

কলেজ পরিচিতি
রামপুরা একরামুন্নেছা ডিগ্রি কলেজ ঢাকার প্রাণকেন্দ্র রামপুরায়, দৃষ্টিনন্দন হাতিরঝিলের পূর্বপ্রান্তে এবং বাংলাদেশ টেলিভিশন (BTV) ভবনের ঠিক বিপরীত পার্শ্বে এক মনোরম ও কোলাহলমুক্ত পরিবেশে অবস্থিত। এটি রামপুরা এলাকার একমাত্র সরকারি অনুদানপ্রাপ্ত (এমপিওভুক্ত) ঐতিহ্যবাহী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান।

গৌরবময় ইতিহাস ও পথচলা:
১৯৮১ সালে বিশিষ্ট শিক্ষানুরাগী ও আমেরিকান প্রবাসী মরহুম এ. বি. এম. মাজহারুল হক তাঁর মহীয়সী মাতা বেগম ফজিলা একরামুন্নেছা-র স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কলেজটি প্রতিষ্ঠা করেন। সূচনালগ্ন থেকেই প্রতিষ্ঠানটি রামপুরা, বাড্ডা, গুলশান, বনশ্রী, খিলগাঁও, মালিবাগ ও মগবাজারসহ বর্তমানে রাজধানী ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষার্থীরা এ প্রতিষ্ঠানে অধ্যয়নের সুযোগ গ্রহণ করছে এবং জ্ঞান, দক্ষতা, নেতৃত্বগুণ ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে কার্যকর অবদান রাখার জন্য নিজেদের প্রস্তুত করছে।
উচ্চমাধ্যমিক (HSC) পরীক্ষায় ঈর্ষণীয় ফলাফল ও সুনামের ধারাবাহিকতায়, ১৯৯৫-৯৬ শিক্ষাবর্ষে কলেজটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয় এবং এখানে স্নাতক (পাস) কোর্স (BA, BBS, BSS) চালু করা হয়। ১৯৯৭ সালে স্নাতক পরীক্ষায় এই কলেজের শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেধা তালিকায় ৮ম স্থান অর্জন করে কলেজের গৌরব বহুগুণ বাড়িয়ে দেন। বর্তমানে স্নাতক কোর্সে পাসের হার শতভাগ এবং প্রতি বছরই এখান থেকে বিপুল সংখ্যক শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের শীর্ষস্থানীয় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির সুযোগ পাচ্ছে।

ক্যাম্পাস ও আধুনিক সুযোগ-সুবিধা:
ক্রমবর্ধমান শিক্ষার্থীর চাহিদার কথা বিবেচনা করে ২০০১-২০০২ শিক্ষাবর্ষে বিটিভি ভবন সংলগ্ন টিভি রোডে কলেজের দ্বিতীয় ক্যাম্পাস উদ্বোধন করা হয়। ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য অর্জনে এবং আধুনিক শিক্ষাদানে কলেজটি সম্পূর্ণ প্রস্তুত। আমাদের রয়েছে:-
-নিজস্ব সমৃদ্ধ দুটি গ্রন্থাগার
-অত্যাধুনিক কম্পিউটার ল্যাব
-মাল্টিমিডিয়া ক্লাসরুমসহ আধুনিক তথ্য-প্রযুক্তির সব রকমের সুবিধা

দক্ষ জনবল ও প্রশাসন:
কলেজের শিক্ষা কার্যক্রম সুচারুরূপে পরিচালনার জন্য সরকারি প্রতিষ্ঠান NTRCA কর্তৃক নিয়োগপ্রাপ্ত একঝাঁক অত্যন্ত দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী নিয়োজিত আছেন যাদের অধিকাংশই ঢাকা বিশ্ববিদ্যালয় ও দেশের নামকরা বিভিন্ন পাবলিক ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ছিলেন। বর্তমানে কলেজে একজন অধ্যক্ষ, ১৪ জন সহকারী অধ্যাপক, ১৯ জন প্রভাষক (গ্রন্থাগারসহ), ৩ জন প্রদর্শক ও একজন সহকারী গ্রন্থাগার শিক্ষক এবং ১২ জন দক্ষ কর্মকর্তা-কর্মচারী কর্মরত রয়েছেন।

সহ-শিক্ষা কার্যক্রম ও ডিজিটালাইজেশন :
শিক্ষার্থীদের মেধা বিকাশ, নেতৃত্বগুণ তৈরি এবং কলেজকে সম্পূর্ণ ডিজিটালাইজড করার লক্ষ্যে কলেজের বর্তমান সুযোগ্য অধ্যক্ষ মোঃ এস.এম. সোহরাওয়ার্দী-স্যারের দূরদর্শী উদ্যোগে বেশ কিছু আধুনিক ক্লাব গড়ে উঠেছে। তিনি নিজেই এই ক্লাবগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দিকনির্দেশনা দিয়ে যাচ্ছেন। ক্লাবগুলোর বিস্তারিত, আমাদের ক্লাব পরিচিতি অংশে দেওয়া হয়েছে।
REDC ICT Cell: কলেজের ডিজিটাল রূপান্তর ও শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতায় এগিয়ে নিতে কার্যকর ভূমিকা পালন করছে।
REDC Science Club: বিজ্ঞানমনস্ক প্রজন্ম তৈরিতে ও গবেষণামূলক কাজে উদ্বুদ্ধকরণে।
REDC কালচারাল ক্লাব: সাংস্কৃতিক চর্চা ও মানবিক মূল্যবোধের বিকাশে।
REDC Language Club: শিক্ষার্থীদের ভাষা ও যোগাযোগ দক্ষতা বৃদ্ধিতে।
REDC Mental Health Awareness Club: শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধিতে।

রামপুরা একরামুন্নেছা ডিগ্রি কলেজ কেবল পাঠ্যপুস্তকীয় শিক্ষাই নয়, বরং একজন শিক্ষার্থীকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে নিরলস কাজ করে যাচ্ছে।
শিক্ষা, নৈতিকতা, প্রযুক্তি, গবেষণা, সৃজনশীলতা এবং মানবিক মূল্যবোধের সমন্বয়ে শিক্ষার্থীদের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলাই রামপুরা একরামুন্নেছা ডিগ্রি কলেজ-এর অঙ্গীকার। ঐতিহ্য, সাফল্য এবং আধুনিক শিক্ষার সমন্বয়ে প্রতিষ্ঠানটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উৎকৃষ্ট শিক্ষাঙ্গন হিসেবে নিরলসভাবে এগিয়ে চলেছে।